আধ্যাত্মিক পথে সংগত মনোবৃত্তি নিতান্তই অপরিহার্য — শ্রী দয়ামাতা

৫ নভেম্বর, ২০২৬

১৯৬১-র ক্রিসমাস-এ প্রদত্ত একটি ভাষণের সংক্ষিপ্ত অংশ। ভাষণটির নাম “সংগত মনোবৃত্তি: সফলতা অর্জনের জন্য জীবনের প্রতিকূলতাকে কাজে লাগানো,” এটি শ্রী দয়ামাতার ভাষণের নূতন সংকলন, “জার্নি উইথ পরমহংস যোগানন্দ” গ্রন্থের একটি অধ্যায়, (যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া থেকে শীঘ্রই প্রকাশিত হবে)। যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া/সেল্ফ-রিয়লাইজেশন ফেলোশিপের পরম প্রিয় তৃতীয় অধ্যক্ষ ও সঙ্ঘমাতা এখানে দেখিয়েছেন যে, জীবনের অবশ্যম্ভাবী প্রতিকূলতার প্রতি সংগত মনোবৃত্তি গড়ে তুললে কীভাবে আমরা ঈশ্বরের নিকটতম হতে পারি এবং অন্তরের প্রকৃত মুক্তি ও সিদ্ধির সন্ধান পাই।

ভালোবাসা এবং সহানুভূতিশীলতা, প্রজ্ঞা, স্বাস্থ্য, নিরাপত্তা, চিরস্থায়ী আনন্দ — এগুলি প্রত্যেকটি মানুষই খুঁজে বেড়ায়। আমরা যারা আধ্যাত্মিক পথের পথিক, আমাদের দৃঢ় বিশ্বাস, ঈশ্বরের আরাধনার মাধ্যমেই এগুলি লাভ করা যায়। যদিও এটি সর্বজনীন সত্য এবং এও ঠিক যে ঈশ্বর-মিলনের পথ চিরন্তন নীতির উপর প্রতিষ্ঠিত, যা সকল মানুষের জন্যই প্রযোজ্য। তবুও একদিক থেকে দেখলে দেখা যায় যে প্রত্যেকটি মানুষ চলে তার নিজস্ব, একান্ত নিঃসঙ্গ পথে। সেই পথ আমাদের নিয়ে যায় এমন সব পরিস্থিতি, পরীক্ষা ও শিক্ষার মধ্যে দিয়ে, যা আমাদের প্রত্যেকের নিজস্ব সহজাত প্রজ্ঞাকে জাগিয়ে তুলতে এবং ঈশ্বরের সঙ্গে আত্মার যথার্থ সম্পর্কের উপলব্ধি ফিরে পেতে বিশেষভাবে প্রয়োজনীয়।

দুঃসময় এসে পড়লে নিজেদের মরণশীল বলে বিশ্বাস করার যে কুপ্রবৃত্তি আমাদের আছে, তা সহজেই আমাদেরকে ভুল চিন্তায় গ্রাস করে — “কেন আমি? আমি কী করেছি যে আমার এই প্রাপ্য?” — অথবা জীবন আমাদের সঙ্গে যেমন আচরণ করে, তা নিয়ে ক্ষোভ বা ক্রোধ অনুভব করি। সংগত মনোবৃত্তি গড়ে তুললে সেই পরিস্থিতিগুলিকে, আমাদের যতই “অন্যায্য” মনে হোক, সেগুলিকে আমাদের নিজেদেরই কর্মফল অনুযায়ী সৃষ্ট সুযোগ হিসেবে দেখতে শিখি; আমরা বুঝি যে সেগুলি ঈশ্বরের অন্তর্নিহিত কৃপায় আশীর্বাদধন্য, আর সেগুলির বিশেষ উদ্দেশ্য হল আমাদের আত্মার বিকাশকে ত্বরান্বিত করা।

আমাদের অগ্রগতি নির্ভর করে এই উপলব্ধির উপর যে, আমাদের দুঃখকষ্ট অন্য মানুষের কাছ থেকে আসে না, বাহ্যিক অবস্থা থেকেও আসে না; আসে ঈশ্বর থেকেই, তাঁর বিশ্বজনীন নিয়মের মাধ্যমে। যা ঘটছে তাকে আমাদের পরম ও সর্বোচ্চ কল্যাণে কাজে লাগানো যায় — এই সত্যটি যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে ঈশ্বরের চির-বিরাজমান আশীর্বাদী হাতের স্পর্শ অনুভব করব এবং দেখব, আমাদের কষ্ট আমাদের অন্তরকে স্পর্শ করতে পারছে না।

এই কারণেই আমরা যেসব পরিস্থিতির সম্মুখীন হই, তাদের প্রতি সংগত মনোবৃত্তি থাকা এত গুরুত্বপূর্ণ। আমি এমনকি এও বলব যে, আধ্যাত্মিক পথে মনোভাবই সবকিছুর ভিত্তি। আমরা কীভাবে জীবনের মুখোমুখি হই, কষ্টের মুখে কীভাবে সাড়া দিই, আমাদের কল্যাণ ও সমচিত্ততার প্রতি অনিবার্য আঘাতের মুখে কেমন আচরণ করি, কীভাবে সাধনায় নিযুক্ত হই — এসবই নির্ধারণ করে আমরা পরমাত্মার কতটা নিকটবর্তী হব এবং কত দ্রুত তা হব।

যতদিন আমরা এই পার্থিবজগতে আছি, একটি বিষয়ে আমরা সবাই নিশ্চিত হতে পারি, আর সেটা হল পরিবর্তনের অনিশ্চয়তা। দ্বৈতের এই জগতে, যেখানে মায়ার অস্থিরতা আমাদের সামনে অবিরত উপস্থিত হয়, সেখানে তা এড়ানো যায় না; যেমন আলো ও অন্ধকার, সুস্থতা ও অসুস্থতা, জীবন ও মৃত্যু। এই অস্থিরতা যেন আমাদের ভয় বা হতাশায় কখনও দমিয়ে না দেয় — কখনোই নয়! এর উদ্দেশ্য আমাদের শেখানো যে, আমাদের প্রকৃত স্বরূপ ক্ষণস্থায়িত্বের অতীত ও আনন্দময়। এগুলি যেন সব খোঁচা, যা আমাদের এই অবিরাম ওঠাপড়া থেকে মুক্ত হওয়ার চেষ্টায় প্রবৃত্ত করে। দ্বৈতের নিয়মের ঊর্ধ্বে ওঠার উপায় হল, পরিবর্তনের রাজ্যের ওপারে যে অপরিবর্তনীয় সত্য, সেই ঈশ্বরের সংস্পর্শে আসা।

পরমহংসজি আমাদের বলতেন, “ভেঙে পড়া জগতের প্রলয়-গর্জনের মাঝেও অবিচল থাকতে,” আর আমাদের সেটা শিখতে হবে। তখনই আমরা জানব, আমরা ঈশ্বরের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছি। আমাদের পথ শান্তির মধুর ঝরনার ধার দিয়েই যাক বা সংগ্রামের কঠিন রণক্ষেত্র পেরিয়েই যাক, শেষ পর্যন্ত তাতে কিছুই আসে যায় না। যা গুরুত্বপূর্ণ তা হল, আমরা যে লক্ষ্যের জন্য সাধনা করছি, তার উপর যেন আমাদের সংকল্প ও আকাঙ্ক্ষা স্থির রাখি। হয়তো মাঝে মাঝে আমরা হোঁচট খাব, মোহের কাদায় কলঙ্কিত হব ; কিন্তু হৃদয় যদি আন্তরিক হয়, ঈশ্বরের জন্য তার আকুলতা যদি গভীর হয়, তবে তিনি আমাদের বেশিক্ষণ গড়িমসি করতে দেন না, দীর্ঘকাল বন্দিত্বের কষ্ট সহ্য করতে দেন না। তিনি আমাদের কাছে সেই সব অভিজ্ঞতা, সেই সব কৃপা প্রেরণ করেন, যার দ্বারা আমরা মুক্ত হতে পারি।

আমার জীবনে যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তখন সংশ্লিষ্ট মানুষ বা পরিস্থিতির ঊর্ধ্বে তাকিয়ে তার অন্তর্নিহিত আধ্যাত্মিক শিক্ষাটি খুঁজে নিতে পারলে কী মুক্তিই না পেয়েছি! প্রতিটি আঘাত, প্রতিটি হতাশা ও ভুল বোঝাবুঝি, এই ধরনের যা কিছু আমার জীবনে এসেছে, তার জন্য আমি নত মস্তকে কৃতজ্ঞ, কারণ আমি দেখেছি সেগুলি আমার কতটা মঙ্গল করেছে। এবং তোমরা, যারা এই একই মনোভাব নিয়ে নিজেদের কষ্টের মুখোমুখি হয়েছ, তোমাদের বেলাতেও তাই। কষ্টই আমাকে শিখিয়েছে তাঁর কাছে ছুটে যেতে, যিনি আমাকে শক্তি দেন, উপলব্ধি ও ভালোবাসা দেন; আর এভাবেই তাঁর সঙ্গে আমার বন্ধন এবং সেই প্রিয় গুরুদেবের সঙ্গে আমার একাত্মতা সুদৃঢ় হয়েছে, যাঁর পদচিহ্ন অনুসরণ করে আমরা দৃঢ়পায়ে চলছি।

আমার মনে পড়ে, পরমহংসজি একবার আমাকে বলেছিলেন, “তোমার জীবন বহু লাঞ্ছনা বা নির্যাতনে ভরা থাকবে, কিন্তু তোমার মনকে সর্বদা আমার সঙ্গে যুক্ত রেখো।” ঈশ্বরের পথে গুরুদেব আমাদের বিশ্বস্ত পথপ্রদর্শক। যা-ই ঘটুক, আমার কাছে তা গুরুত্বপূর্ণ হয়নি, কারণ আমার মন পথের চেয়ে লক্ষ্যের উপরই বেশি স্থির। পথ আমাদের কারও জন্যই সবসময় সহজ নয়। কিন্তু যদি আমরা নিরন্তর নিজেদের জিজ্ঞাসা করি, “প্রতিটি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কীভাবে আমার মনকে আরও ঈশ্বরের দিকে ফেরাতে পারি?” — তাহলেই আমরা বিজয়ী হই। সংগত মনোবৃত্তির দ্বারা আমরা জীবনের মর্মবেদনাকেও কাজে লাগাই, যাতে তা আমাদের পরমেশ্বরের দিকে দ্রুতবেগে এগিয়ে নিয়ে যায়।

এই শেয়ার করুন