“আমি অবশেষে জানতে পেরেছি কীভাবে ধ্যান করতে হয় এবং শান্ত থাকতে হয়।”
"[আমার ছেলে] সাপ্তাহিক ছুটির দিনগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত এবং প্রতিটি অধিবেশনে অত্যন্ত মনোযোগ সহকারে অংশগ্রহণ করত। [আমরা] তার মধ্যে কয়েকটি পরিবর্তন লক্ষ্য করেছি, বিশেষ করে ধ্যান ও প্রার্থনায় তার আগ্রহ ও অংশগ্রহণের ক্ষেত্রে।”
অনলাইন টিন রিচার্জ স্টেশন (OTRS) — বর্ষাকালীন পর্ব ওয়াইএসএস ইয়ুথ সার্ভিসেস-এর উদ্যোগে এটি ১৮ জুলাই থেকে ১৬ আগস্ট, ২০২৬ পর্যন্ত পাঁচটি সপ্তাহান্তে অনুষ্ঠিত হয়।
ভারতের বিভিন্ন প্রান্তের ১৪০-এরও অধিক কিশোর-কিশোরী শনিবার ও রবিবার অনুষ্ঠিত মোট দশটি সপ্তাহান্তিক অধিবেশনে অংশগ্রহণ করে। এই অধিবেশনগুলি তাদের নতুন শিক্ষাবর্ষের সূচনাকে এক উচ্চতর আধ্যাত্মিক প্রেরণায় সমৃদ্ধ করতে সাহায্য করে। অভিজ্ঞ প্রশিক্ষকদের পরিচালনায় প্রতিটি অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ১৫ মিনিটের আদানপ্রদানমূলক শিক্ষাদান এবং ৩০ মিনিটের নির্দেশিত ধ্যান ও সংকল্পবাক্যের অনুশীলন অন্তর্ভুক্ত ছিল।
সম্যক জীবনযাপন বিষয়ক ক্লাস
আমার ভালো লেগেছে আনন্দদায়ক কাজকর্ম, গল্পভিত্তিক উপায়ে বার্তা প্রদান এবং এমন কিছু উপকারী প্রক্রিয়া, যা দৈনন্দিন জীবনে ব্যবহার করা যেতে পারে।
— এস.এ., কিশোর, ১৫ বছর, কর্ণাটক
পরীক্ষার চাপ, সহপাঠীদের চাপ এবং বিভিন্ন অতিরিক্ত পাঠ্যক্রমিকের নানা চাহিদার সঙ্গে মানিয়ে চলা কিশোর-কিশোরীরা ‘সম্যক জীবনযাপন’ ক্লাসগুলিকে সাদরে গ্রহণ করে। এই ক্লাসগুলি তাদের ব্যস্ত ও কঠোর দৈনন্দিন কর্মসূচির মধ্যেও আধ্যাত্মিক জীবনকে বিকশিত করতে সাহায্য করেছে।
অন্তর্ভুক্ত বিষয়গুলি ছিল:
- একাগ্রতা
- ইচ্ছাশক্তি
- বন্ধুত্ব
- নির্ভীকতা
- বিশ্বাস, এবং
- ভক্তি
৪০ জনেরও বেশি প্রশিক্ষিত প্রশিক্ষক ও স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে সেবা প্রদান করেন। যোগী-কথামৃত এবং মেজদা গ্রন্থের গল্পগুলি বিশেষভাবে প্রশংসিত হয় এবং কিশোর-কিশোরীদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সঙ্গে আধ্যাত্মিক নীতিগুলির আরও ঘনিষ্ঠ যোগসূত্র স্থাপনে সহায়তা করে।
সক্রিয় আদানপ্রদান
অনলাইন পদ্ধতিটি কিশোর-কিশোরীদের জন্য সক্রিয় ও আদানপ্রদানমূলক শিক্ষার সুযোগ করে দেয়। দলগত আলোচনা, পোল এবং চ্যাট বার্তাগুলি অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ছিল।
ওয়াইএসএস সন্ন্যাসী পরিচালিত একটি বিশেষ অধিবেশন
ওটিআরএস-এর আর একটি বিশেষ আকর্ষণ ছিল স্বামী শঙ্করানন্দের সঙ্গে একটি বিশেষ অধিবেশন। এই অধিবেশনে তিনি দৃশ্য-নির্ভর গল্প বলার মাধ্যমে বুদ্ধের কাহিনি তুলে ধরেন। কিশোর-কিশোরীরা জানতে পারে কীভাবে চারটি সাধারণ দৃশ্য (বার্ধক্য, অসুস্থতা, মৃত্যু এবং এক শান্ত-সমাহিত সন্ন্যাসী) তরুণ রাজপুত্রকে সত্যের সন্ধানে যাত্রা করতে অনুপ্রাণিত করেছিল। তারা আরও জানতে পারে, কীভাবে বোধিবৃক্ষের নীচে বসে তিনি সংকল্প করেছিলেন যে জ্ঞানলাভ না করা পর্যন্ত তিনি ধ্যান থেকে উঠবেন না। এটি তাদের মনে করিয়ে দেয় যে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাতেও অবিচল সংকল্পই একজন সাধককে এগিয়ে নিয়ে যায়।
অভিজ্ঞতার কথা
“আমি… এমন কিছু শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম সম্পর্কে জানতে পেরেছি, যা আমাকে আরও শান্ত অনুভব করতে সাহায্য করেছে। কিছু শারীরিক ব্যায়ামও করেছি, যা আমার পেশিগুলিকে শিথিল করেছে এবং আমার মনকে আরও স্বচ্ছ করেছে।”
“অধিবেশনটির পরিবেশ কতটা শান্তিপূর্ণ ও ইতিবাচক ছিল, তা আমার খুব ভালো লেগেছে। এটি আমাকে নিজের সম্পর্কে ভাবতে সাহায্য করেছে।”
“অধিবেশনগুলিতে অংশগ্রহণ করা একটি দারুণ অভিজ্ঞতা ছিল। আমি শান্ত অনুভব করেছি, মানসিক চাপ কমেছে এবং অনেক বেশি প্রাণবন্ত বোধ করেছি। কীভাবে ধ্যান করতে হয় আমি তাও শিখেছি।”
“আমার সন্তানের মনোভাব আরও বেশি দায়িত্বশীলতার দিকে পরিবর্তিত হয়েছে। সে এখন প্রফুল্ল ও মনোযোগী। আমাদের সঙ্গে আরও খোলাখুলিভাবে কথা বলে এবং তার মানসিক চাপও কমেছে।”
অভিভাবক ও কিশোর-কিশোরীরা অনলাইন অধিবেশনগুলিতে অংশগ্রহণের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন এবং এগুলি চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। আগামী দিনে ওটিআরএস, যুব সেবা-এর একটি দ্বিবার্ষিক কর্মসূচি হিসেবে পরিচালিত হবে,যার মধ্যে থাকবে বসন্তকালীন ও বর্ষাকালীন পর্ব।
পরবর্তী অনলাইন টিন সৎসঙ্গ (ওটিএস)-এর ঘোষণা
বসন্তকালীন ও বর্ষাকালীন পর্বে আয়োজিত ওটিআরএস-এর পাশাপাশি, কিশোর-কিশোরীরা অনলাইন টিন সৎসঙ্গ (ওটিএস)-এও অংশগ্রহণ করতে পারে। এটি প্রতি বছর গ্রীষ্মকালীন ও শীতকালীন পর্বে অনুষ্ঠিত হয়। কিশোর-কিশোরীদের শিক্ষার ধারাবাহিকতা এবং অনলাইনে পারস্পরিক সৎসঙ্গ বজায় রাখার উদ্দেশ্যেই এই কর্মসূচিগুলি পরিকল্পনা করা হয়েছে।
ওটিএস-এর শীতকালীন পর্ব ২০২৬-এর নভেম্বর থেকে ২০২৭-এর জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে পরমহংস যোগানন্দের ‘সম্যক জীবনযাপন’ শিক্ষার আরও গভীর অনুসন্ধান ও অধ্যয়ন থাকবে।
অনলাইন টিন সৎসঙ্গ — শীতকালীন পর্ব ২০২৬–২৭-এ অংশগ্রহণে আগ্রহী অভিভাবক ও কিশোর-কিশোরীরা নীচের ফর্মের মাধ্যমে তাঁদের আগ্রহের কথা জানাতে পারেন:
শিশু ও কিশোর-কিশোরীদের জন্য যুব সেবার অন্যান্য কর্মসূচি সম্পর্কে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে [email protected] ঠিকানায় লিখুন।
কিশোর-কিশোরীদের শিবির ও রবিবারের সৎসঙ্গ
ওয়াইএসএস যুব সেবা ২০২৬-এর মে–জুন মাসে সোলানের শূলিনী ইউনিভার্সিটিতে শিশু ও কিশোর-কিশোরীদের জন্য একটি গ্রীষ্মকালীন শিবিরের আয়োজন করেছিল। এছাড়াও, ওয়াইএসএস-এর কয়েকটি আশ্রম, কেন্দ্র ও মণ্ডলীতে সরাসরি কিশোর-কিশোরীদের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোলানের শূলিনী ইউনিভার্সিটিতে ২০২৬-এর গ্রীষ্মকালীন ক্যাম্প সম্পর্কে পড়ুন
বিশেষ দ্রষ্টব্য: শিশু ও কিশোর-কিশোরীদের জন্য সোলানের শূলিনী ইউনিভার্সিটিতে পরবর্তী ওয়াইএসএস শিবিরটি ২৩–২৯ মে ২০২৭ তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়সূচি নির্ধারিত হয়েছে।



















