মহাবতার বাবাজির গুহা – দ্বারাহাট

উত্তরাখণ্ড
মহাবতার বাবাজির গুহা

ধৈর্য সহকারে, মাসের পর মাস, বছরের পর বছর ,এই শুভদিনটির প্রতীক্ষায় আমি তোমার ওপর নজর রেখে আসছি । এখন তুমি আমার কাছে এসেছ! এই তোমার কতকালের সাধের পুরোন গুহা; আমি তোমার জন্যেই একে সর্বদা পরিষ্কার করে রেখে এসেছি।

— লাহিড়ী মহাশয়কে বাবাজি, যোগী-কথামৃত থেকে

১৮৬১-তে, হিমালয়ের কুমায়ুন অঞ্চলে অবস্থিত মনোরম দুনাগিরি পর্বতমালার কোলে, একটি ছোট্ট গুহায় এমন এক দিব্য ঘটনা সংঘটিত হয়েছিল, যা আধুনিক যুগের আধ্যাত্মিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে। এই পবিত্র গুহাতেই মহাবতার বাবাজি, মহান মৃত্যুঞ্জয় যোগী ও অমর গুরু, তাঁর পরম শিষ্য লাহিড়ী মহাশয়কে প্রাচীন ক্রিয়াযোগের বিজ্ঞান সম্পর্কে দীক্ষা প্রদান করেন। মানবচেতনার উন্নতি ও কল্যাণসাধনের উদ্দেশ্যে তিনি আত্মোপলব্ধির এই প্রাচীন সাধনপদ্ধতিকে পুনরুজ্জীবিত করেন।

মহাবতার বাবাজির গুহা
মহাবতার বাবাজির গুহা

আজও মহাবতার বাবাজি এবং লাহিড়ী মহাশয়ের আশীর্বাদ এই পবিত্র গুহা ও তার পার্শ্ববর্তী সমগ্র অঞ্চলকে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করে রেখেছে। সকল ক্রিয়াযোগী তাঁদের গুরু-পরম্পরার সূত্রপাত এই ঐতিহাসিক ঘটনাতেই খুঁজে পান।

সত্য অন্বেষণকারীদের জন্য একটি তীর্থস্থান

মহাবতার বাবাজির গুহার পবিত্র স্থানটি সারা পৃথিবীর সত্য অন্বেষণকারীদের কাছে এক আলোর দিশারী হয়ে উঠেছে।

গুহার নিকটেই ওয়াইএসএস মহাবতার বাবাজির স্মৃতির উদ্দেশ্যে একটি ছোট মন্দিরও প্রতিষ্ঠা করেছে, যার নাম স্মৃতি ভবন। এই পবিত্র তীর্থস্থানে আগত ভক্তদের কাছে এটি স্মরণ ও ধ্যানের এক বিশেষ স্থান।

বহু দর্শনার্থীর কাছে এই তীর্থযাত্রা মহাবতার বাবাজি এবং ক্রিয়াযোগের প্রাচীন বিজ্ঞান সম্পর্কে আরও জানার এক বিশেষ সুযোগ। এই মহান গুরু পরমহংস যোগানন্দজি এবং ওয়াইএসএস/এসআরএফ-এর গুরুপরম্পরার মাধ্যমে ক্রিয়াযোগের আধুনিক পুনরুজ্জীবন ও বিশ্বব্যাপী প্রচারের পথনির্দেশ করেছিলেন।

বিশিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিদর্শন

আমাদের প্রিয় গুরুদেবের যোগী-কথামৃত, ইন্টারনেট এবং অনলাইন সংবাদমাধ্যম মারফৎ যত বেশি মানুষ মহাবতার বাবাজি সম্পর্কে জানতে পারছেন, ততই প্রতিদিন এই পবিত্র তীর্থস্থানে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাঁদের মধ্যে অনেকেই দলবদ্ধভাবে, কখনও বাসভর্তি হয়ে এখানে আসেন। এই দর্শনার্থীদের মধ্যে রয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাঁরা মহান অমর মহাগুরুর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে এই পবিত্র তীর্থস্থান দর্শন করেন।

পরিদর্শনের পরিকল্পনা করুন

মহাবতার বাবাজির গুহা হিমালয়ের ঋতু ও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে নির্ধারিত সময়ে ভক্তদের দর্শনের জন্য উন্মুক্ত থাকে।

  • গ্রীষ্মকালীন সময়সূচি (মার্চ–সেপ্টেম্বর): সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
  • শীতকালীন সময়সূচি (অক্টোবর–ফেব্রুয়ারি): সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত


বাবাজির গুহায় আপনার দর্শনকে ওয়াইএসএস দ্বারাহাট আশ্রমে অবস্থানের সঙ্গে যুক্ত করুনVisit Mahavatar Babaji's Cave - Stay at YSS Dwarahat Ashram

ওয়াইএসএস/ এসআরএফ পাঠমালা শিক্ষার্থীরা মহাবতার বাবাজির গুহায় তীর্থযাত্রার সঙ্গে ওয়াইএসএস দ্বারাহাট আশ্রমে অবস্থান বা আশ্রম দর্শনের সুযোগ গ্রহণ করতে পারেন।

দ্বারাহাট থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত এই আশ্রমটি ভক্তদের জন্য এক শান্ত, আধ্যাত্মিক আশ্রয়স্থানের কাজ করে। এখানে দর্শনের সময়সূচি, যাতায়াতের পথ পরিকল্পনা এবং সাধারণ প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়, যাতে যাত্রাটি নিরাপদে, শ্রদ্ধা ও সচেতনতার সঙ্গে সম্পন্ন করা যায়। অনেকের কাছেই আশ্রমে অবস্থানের অভিজ্ঞতা এই তীর্থযাত্রাকে আরও গভীর তাৎপর্যপূর্ণ করে তোলে, পাহাড়ে আরোহণের আগে অন্তর্মুখী হয়ে গুরুর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপনের এবং ফিরে আসার পর সেখানকার আধ্যাত্মিক স্পন্দন নীরবে অনুভব করার সুযোগ করে দেয়।

আমাদের সঙ্গে যোগাযোগ করুন

মহাবতার বাবাজির গুহা – দ্বারাহাট
Pandukholi Mountain
Near Kukuchina Village
Dwarahat - 263653
Almora
Uttarakhand
India

কিভাবে পৌঁছোবেন

বাবাজির গুহাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,০০০ মিটার (৬,৫০০ ফুট) উচ্চতায় অবস্থিত। উত্তরাখণ্ডের নিকটবর্তী শহর দ্বারাহাট এই পবিত্র স্থানে যাত্রাকারী অধিকাংশ তীর্থযাত্রী ও আধ্যাত্মিক অনুসন্ধানীদের জন্য প্রধান প্রবেশপথের কাজ করে। (দ্বারাহাটে কীভাবে পৌঁছোবেন)

দ্বারাহাট থেকে পাণ্ডুখোলি পর্বতে অবস্থিত বাবাজির গুহায় যাওয়ার যাত্রা শুরু হয় কুকুচিনা গ্রাম পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কপথ অতিক্রমের মাধ্যমে । সেখান থেকে একটি রাস্তা নিকটবর্তী রতখাল গ্রামের দিকে চলে গেছে, যেখানে পৌঁছোলে বাবাজির গুহায় পদযাত্রার পথটি শুরু হয়।

পায়ে হেঁটে যাওয়ার পথটি মাটি ও পাথরে তৈরি, প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ একটি সুপ্রতিষ্ঠিত পাহাড়ি পথ। পথের কিছু অংশ বেশ খাড়া হওয়ায় প্রয়োজনমতো মাঝে মাঝে বিশ্রাম নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই পথে আরোহণ করা উচিত। শারীরিকভাবে মোটামুটি সুস্থ ও সক্ষম একজন ব্যক্তির এই পথ অতিক্রম করতে সাধারণত ৪৫–৬০ মিনিট সময় লাগে।

দ্বারাহাট থেকে ব্যক্তিগত ট্যাক্সির ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে সরাসরি পদযাত্রার পথের গোড়া পর্যন্ত পৌঁছোন যায়। যাতায়াত, পাহাড়ি পথে আরোহণ এবং গুহায় অল্প কিছুক্ষণ অবস্থানসহ দ্বারাহাট থেকে বাবাজির গুহা দর্শন করে ফিরে আসতে সাধারণত প্রায় ছয় ঘণ্টা সময় লাগে। তীর্থযাত্রীদের সঙ্গে পানীয় জল ও প্যাক করা খাবার রাখার, মজবুত ও আরামদায়ক জুতো পরার এবং ঠান্ডা আবহাওয়ার উপযোগী পোশাক পরিধান করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও একটি বিকল্প হল রানিখেত শহর থেকে দ্বারাহাট হয়ে সরাসরি বাবাজির গুহায় যাওয়া (৫৫ কিলোমিটার)। এই সড়কপথে একদিকে যেতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে এবং সম্পূর্ণ যাত্রায় প্রায় ৮-৯ ঘণ্টা সময় লাগতে পারে।

এই শেয়ার করুন