স্বামী চিদানন্দ গিরি প্রেরিত ২০২৬-এর গুরু পূর্ণিমার বার্তা

১৪ জুলাই, ২০২৬

যে শিষ্যরা গুরুর সঙ্গে মানসিকভাবে একাত্ম, গুরু তাঁর নিজ অন্তরে প্রবাহিত দিব্য জ্যোতিকে তাদের মধ্যে সঞ্চারিত করেন । যদি কোনো ভক্ত গভীর একাগ্রতায় গুরুর উদ্দেশ্যে কোনো বার্তা প্রেরণ করে, তখন গুরু তা গ্রহণ করে নীরবে তদনুরূপ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

— শ্রীশ্রী পরমহংস যোগানন্দ

প্রিয়জনেষু,

আপনাদের প্রত্যেককে জানাই গুরু পূর্ণিমার শুভেচ্ছা ও আশীর্বাদ। এই পবিত্র দিনে, সকল জ্ঞানোদ্দীপ্ত গুরুগণ, যাঁরা যুগ-যুগান্ত ধরে ঈশ্বর উপলব্ধির শিখাকে প্রজ্বালিত রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করি, আসুন আমরা সকলে আমাদের পরম প্রিয় গুরুদেব, শ্রীশ্রী পরমহংস যোগানন্দজির প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশে সম্মিলিত হই। ‘জগদগুরু’ রূপে বিশ্বে তাঁর অনন্য অবদানের জন্য আমরা তাঁকে শ্রদ্ধা জানাই। বিশেষত, আমাদের আধ্যাত্মিক বিকাশের প্রতি তাঁর সেই স্নেহপূর্ণ ও নিরন্তর তত্ত্বাবধানের জন্য — যে দিব্য মাধ্যমে ঈশ্বর আমাদের মুক্তি, নির্দেশনা ও জাগরণের পথে চালিত করছেন।

আমাদের পরম সৌভাগ্য যে, গুরুদেব তাঁর জীবন-রূপান্তরকারী শিক্ষার অনুপ্রেরণা ও নিজের বিজয়ী জীবনের আদর্শের দৃষ্টান্তে আমাদের অন্তর্নিহিত দিব্য-জ্যোতি বিকাশের দ্বার উন্মোচনের চাবিকাঠি প্রদান করেছেন। তাঁর কৃপার অবিরাম ধারার প্রতি আমরা যখন আমাদের হৃদয়কে আরও উন্মুক্ত করি এবং পবিত্র ক্রিয়াযোগ সাধনায় নিজেদের উৎসর্গ করি, তখন তাঁর সাথে আমাদের সংহতি গভীরতর হয় এবং আমাদের প্রাত্যহিক জীবনে তাঁর উপস্থিতি এক জীবন্ত ও প্রত্যক্ষ বাস্তবে পরিণত হয়। সেই উপস্থিতির প্রতি আমাদের আন্তরিক গ্রহণশীলতা এবং তাঁর শিক্ষার প্রতিটি চিন্তারূপ মণি থেকে প্রবাহিত পবিত্র শক্তির মাধ্যমে তিনি চিরদিন আমাদের হৃদয়ে সর্বদা জীবিত ও সন্নিহিত থাকেন — ঠিক যেমনটি ছিলেন পৃথিবীতে সশরীরে থাকাকালীন। বিচ্ছিন্নতার স্বপ্ন থেকে তিনি আমাদের জাগিয়ে তোলেন আর আমাদের অন্তরে দেদীপ্যমান ঈশ্বরের জ্যোতিকে চিনতে সাহায্য করেন।

যে শ্রেষ্ঠ অর্ঘ্য, গুরুদেবের শ্রীচরণে আমরা নিবেদন করতে পারি, তা হল আমাদের বিনম্র গ্রহণশীলতা, একনিষ্ঠ আধ্যাত্মিক প্রচেষ্টা এবং “মৌন ঈশ্বরের মুখর বাণী” রূপে তাঁর প্রতি হৃদয়-উৎসারিত অটল আনুগত্য। আপনাদের সকলের প্রতি আমার প্রার্থনা এই যে, আপনারা যেন তাঁর অবিরাম আশীর্বাদের পবিত্র ধারা অনুভব করতে পারেন, যা আপনাদের চেতনাকে শুদ্ধ করে, আপনাদের হৃদয়কে সাহস ও শাশ্বত আনন্দে পূর্ণ করে এবং সেই মহান দিব্য জ্যোতি দিয়ে পূর্ণ করে যা আমাদের সকলকে ঈশ্বরে একত্রিত করে। জয় গুরু!

ঈশ্বর ও গুরুদেবের অফুরন্ত প্রেম ও আশীর্বাদসহ,

স্বামী চিদানন্দ গিরি

এই শেয়ার করুন